জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় সংবলিত ৫টি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলো পূর্বে নেওয়া প্রকল্প যেখানে সংশোধন আনা হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৯২ কোটি ৫৯ লাখ টাকা।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সংশোধিত প্রকল্প ৩টি ও মেয়াদ বৃদ্ধি প্রকল্প ২টি।
৫টি প্রকল্পের মধ্যে দুটি প্রকল্পে ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে সময় বাড়ানো হয়েছে, দুটিতে ব্যয় বাড়ানো হয়েছে এবং একটি প্রকল্পে ব্যয় কমানো হয়েছে। এর মধ্যে ১টি প্রকল্পে প্রথম সংশোধন, ১ টিতে দ্বিতীয় সংশোধন, ১ টিতে তৃতীয় সংশোধন এবং ২টি প্রজেক্টে ৪র্থ সংশোধন এসেছে।
সভায় অনুমোদিত ৫টি প্রকল্প হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, (১) “সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (GSIDP-2) (১ম সংশোধন)” প্রকল্প (২) “চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (সিডিএসপি-৪) (৩য় সংশোধন)” প্রকল্প। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রকল্প (১) “আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (২য় সংশোধিত) প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প (১) “শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২): দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ (১ম সংশোধিত)” প্রকল্প (২) “গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক” প্রকল্প অনুমোদন করা হয়েছে।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, এর মধ্যে সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পতে ৩৬৮ টাকা এবং শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন প্রকল্পে ১১৮ কোটি ৯১ টাকা ব্যয় বৃদ্ধি করা হয়েছে। এদিকে স্থানীয় সরকারের চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্টে ৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয় কমানো হয়েছে।
বাকি দুইটি প্রকল্প- আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন এবং গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পে ব্যয় না বাড়িয়ে দুই প্রকল্পেরই চতুর্থ সংশোধনীতে জুন ২০২৬ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
পরিকল্পনা এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; স্থানীয় সরকার, পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম; স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন; আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।