বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও চারজন কমিশনার পদত্যাগ করেছেন। তারা বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের বিষয়ে এক বার্তায় রাশেদ মাকসুদ জানান, গত ২১ মাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর তিনি ব্যক্তিগত উদ্যোগ ও পরিকল্পনায় মনোযোগ দেওয়ার জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে পদত্যাগ করা কমিশনাররা হলেন—মোহসীন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ ও মো: সাইফুদ্দিন।
২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। একই বছরের ২ জুন কমিশনার হিসেবে নিয়োগ পান মু. মহসীন চৌধুরী। এরপর ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ ও সর্বশেষ ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনার হিসেবে নিয়োগ পান।
এদিকে দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে অস্থিরতা, বিনিয়োগকারীদের ক্ষোভ ও কমিশনের অভ্যন্তরীণ অসন্তোষের কথা শোনা যাচ্ছিল। তার মধ্যে গত ২ জুন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে দুই সপ্তাহের মধ্যে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠন করা হবে বলে ঘোষণা দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর পরপরই চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগের ঘটনা ঘটল। তবে অন্তর্র্বতী সরকারের সময় থেকেই বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীরা আন্দোলন করে আসছিলেন। কয়েক মাস ধরে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কর্মবিরতিসহ আন্দোলন করে আসছিলেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরাও।