গত ১১ জুন প্রকাশিত ‘বাংলাদেশ ব্যাংকের উচ্চপদে বসতে গোলজারের ৪২ কোটি টাকার গোপন চুক্তি!’ শীর্ষক প্রতিবেদনটিকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (গবেষণা) ড. মো. গোলজারে নবী।
ড. মো. গোলজারে নবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস. মিজানুর রহমান একটি আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি পাঠিয়েছেন।
এতে ইংরেজিতে লেখা ড. নবীর পক্ষ থেকে দাবি করা হয়—বাংলাদেশ ব্যাংকের উচ্চপদ নিশ্চিত করতে ৪২ কোটি টাকার গোপন আর্থিক চুক্তিতে জড়িত থাকার দাবিটি সম্পূর্ণ অসত্য, কাল্পনিক ও বানোয়াট। তিনি তার দীর্ঘ কর্মজীবনে কোনো ধরনের ঘুষ, দুর্নীতি, প্রভাব খাটানো বা অবৈধ লেনদেনে জড়িত ছিলেন না। দীর্ঘ কয়েক দশকের সুনামের সাথে সরকারি দায়িত্ব পালন করা একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন মিথ্যা সংবাদ প্রকাশ করায় তার ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং তিনি চরম মানসিক কষ্ট ও সামাজিক মর্যাদাহানির শিকার হয়েছেন।
ড. গোলজারে নবীর এই আইনি নোটিশ ও অভিযোগের জবাবে ‘নাগরিক প্রতিদিন’ কর্তৃপক্ষ স্পষ্ট ও শক্ত অবস্থান নিয়েছে। জানানো হয়েছে—সাংবাদিকতার সমস্ত পেশাদার নীতি ও নৈতিকতা মেনেই অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সংবাদটি প্রকাশ করা হয়েছে।
ড. গোলজারে নবীর বিরুদ্ধে প্রকাশিত এই ৪২ কোটি টাকার গোপন চুক্তির সপক্ষে অনেক অকাট্য প্রমাণ ও নথিপত্র ‘নাগরিক প্রতিদিন’-এর সংগ্রহে রয়েছে।
সংবাদ প্রকাশের আগে ড. গোলজারে নবীর বক্তব্য নেওয়ার জন্য মোবাইল ফোনে বারবার চেষ্টা করা হয়েছিল। শুধু তাই নয়, তার কাছে সুনির্দিষ্ট প্রশ্নও পাঠানো হয়েছিল। কিন্তু তিনি কোনো ধরনের উত্তর দেওয়া থেকে বিরত ছিলেন।