কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে হামলা ও গুলি চালানো হয়েছে। এতে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ ও আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নগরীর কাঁটাবিল এলাকায় বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিক্ষার্থীর নাম প্রেম (১১)। সে কাঁটাবিল এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাসিন্দারা মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচি চলাকালে একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালায়। একপর্যায়ে গুলি ছোড়া হলে প্রেমসহ অন্তত পাঁচজন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর মানববন্ধনস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অংশগ্রহণকারীরা নিরাপদ স্থানে সরে গেলে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও মাদক ব্যবসার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।