চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এসেছে ১৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৮৯৮ কোটি ৯০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার অনুযায়ী)।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু রোববার (১৯ জুলাই) একদিনেই দেশে এসেছে প্রায় এক হাজার ৭২২ কোটি টাকার প্রবাসী আয়।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বলছে, গত বছরের জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৭ দশমিক ৬০ শতাংশ।
সংশ্লিষ্টরা বলছেন, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রণোদনা সুবিধা অব্যাহত থাকায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা বজায় রয়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।