দেশের ক্রমবর্ধমান ডিজিটাল সেবা খাতকে আরও সহায়তা দিতে ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২২ জুলাই) এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, প্রচলিত রপ্তানি-সংক্রান্ত নথিপত্রের ওপর নির্ভরতা কমিয়ে প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ই-মেইল ও অন্যান্য ডিজিটাল যোগাযোগের প্রমাণের ভিত্তিতে ফ্রিল্যান্সাররা তাদের পারিশ্রমিক গ্রহণ করতে পারবেন। এতে ডিজিটাল বাণিজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থ গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে।
ছোট অঙ্কের লেনদেন সহজ করতে ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অভ্যন্তরীণ রেমিট্যান্স আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই হিসাবে জমা করা যাবে। এ ছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডারের (ওপিজিএসপি) মাধ্যমে প্রতিটি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত অর্থ গ্রহণের সুযোগ রাখা হয়েছে। একইসঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ দেশে ফেরত আনার ব্যবস্থাও রাখা হয়েছে।
সার্কুলারে দ্বৈত মুদ্রার ফ্রিল্যান্সার কার্ড চালুর সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএসপি) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে। ফলে ফ্রিল্যান্সার ও সেবা রপ্তানিকারকদের জন্য সহজ ও কার্যকর ডিজিটাল পেমেন্ট চ্যানেলে প্রবেশাধিকার বাড়বে।
এ ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের ফ্রিল্যান্সাররা তাদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রা হিসাবে রাখতে পারবেন। অন্য সেবা রপ্তানিকারকদের ক্ষেত্রে এ সীমা ৩০ শতাংশ। ফলে আন্তর্জাতিক ব্যবসায়িক ব্যয় মেটাতে তাদের আরও বেশি নমনীয়তা তৈরি হবে।
ব্যবসায়সংশ্লিষ্টরা বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগকে সময়োপযোগী ও ভবিষ্যতমুখী পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, ডিজিটাল বাণিজ্য ও ফ্রিল্যান্সিংয়ের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়ন্ত্রক কাঠামোকে আরও আধুনিক করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও মনে করছেন, প্রক্রিয়া সহজ করা ও আনুষ্ঠানিক অর্থ লেনদেনের সুযোগ বাড়ানোর ফলে সেবা রপ্তানি থেকে অর্জিত আয় আনুষ্ঠানিক ব্যবস্থায় আসবে, স্বচ্ছতা বাড়বে ও দেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ শক্তিশালী হবে। একই সঙ্গে ফ্রিল্যান্সারদের ব্যবসা পরিচালনা সহজ করার পাশাপাশি বাংলাদেশের সেবা রপ্তানিকারকদের বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করতে এ উদ্যোগ সহায়ক হবে।