বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক (গবেষণা) পদে পদোন্নতি পেয়েছেন মো. ওয়াহেদুজ্জামান সরদার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) মানসম্পদ বিভাগের এক আদেশে তাকে পদোন্নতি দিয়ে একই বিভাগে বহাল করা হয়।
ওয়াহেদুজ্জামান সরদার ২০০১ সালে বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগে সহকারী পরিচালক হিসেবে যোগদানের পর প্রায় ৫ বছর অভ্যন্তরীন অর্থনীতি উপ-বিভাগ ও ইসলামী অর্থনীতি উপ-বিভাগে কাজ করেন। এরপর প্রায় দেড় যুগ ধরে মুদ্রানীতি বিভাগে কর্মরত থেকে ওপেন মার্কেট অপারেশন ও ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড এ্যানালাইসিস উইংয়ে কাজ করেন। সর্বশেষ দু’বছর তিনি গবেষণা বিভাগে কাজ করছেন।
অর্থনীতি ও ফাইন্যান্সের বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিকভাবে সমাদৃত জার্নাল ‘কেলি র্যাংকিং’সহ দেশি ও বিদেশি জার্নালে তার ১৫টি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি সঞ্চয়পত্র ক্রেতাদের আর্থসামাজিক অবস্থা, কৃষিঋণ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ভোক্তাঋণের ওপর বিভিন্ন গবেষণায় অংশ নেন।
ওয়াহেদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষে প্রথমে বিএসিএস ক্যাডার সার্ভিসে যোগদান করেন। পরে বাংলাদেশ ব্যাংকে চাকরি হলে ক্যাডার সার্ভিস ছেড়ে আসেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলায়।