বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ইসলামি ব্যাংকিং কেবল ধর্মীয় আবেগের বিষয় নয়, এটি একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা। ভবিষ্যতে এ খাত আরও বিস্তৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে ‘আন্তর্জাতিক ইসলামি অর্থায়ন ও ব্যাংকিং সম্মেলন’-এর দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গভর্নর। দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ ও ঢাবির ফাইন্যান্স বিভাগ।
আহসান এইচ মনসুর বলেন, দেশের ব্যাংকিং খাতের একটি বড় অংশ শরীয়াহভিত্তিক হলেও ইসলামি ব্যাংকগুলোর জন্য বিনিয়োগের সুযোগ এখনও সীমিত। ফলে তারল্য ব্যবস্থাপনায় চাপ তৈরি হচ্ছে। এ অবস্থায় ইসলামি ব্যাংকগুলোর জন্য শরীয়াহভিত্তিক বন্ড বা সুকুক বাজার গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
গভর্নর জানান, দেশের মোট ব্যাংকিং সম্পদের প্রায় এক-চতুর্থাংশ শরীয়াহভিত্তিক ব্যবস্থার অধীন থাকলেও সেই অনুপাতে বিনিয়োগের ক্ষেত্র তৈরি হয়নি। এতে তারল্য ব্যবস্থাপনা বড় সমস্যায় পরিণত হয়েছে এবং প্রতিযোগিতার সুযোগও সীমিত হয়ে পড়েছে। শরীয়াহভিত্তিক মানি মার্কেট ও সুকুক বাজার না থাকায় ইসলামি ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছে বলেও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকারের উদ্যোগে সুকুক বাজার গড়ে তোলা হলে একদিকে সরকারের অর্থায়ন ব্যয় কমবে, অন্যদিকে ইসলামি ব্যাংকগুলো তারল্য ব্যবস্থাপনায় স্বস্তি পাবে। এতে পুরো খাত আরও স্থিতিশীল হবে। বর্তমানে দেশের মোট আর্থিক সম্পদের একটি বড় অংশ ইসলামি ব্যাংকিংয়ের অধীনে থাকায় নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বও বেড়েছে। এ সম্পদ যেন সঠিকভাবে ব্যবহৃত হয় এবং আমানতকারীরা ভালো রিটার্ন পান—এটি নিশ্চিত করাই এখন প্রধান দায়িত্ব।
ইসলামি ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে সম্প্রতি পাঁচটি ব্যাংক একীভূত করা হয়েছে উল্লেখ করে গভর্নর বলেন, একই সঙ্গে দেশের সবচেয়ে বড় ইসলামি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। ভবিষ্যতে দেশে অন্তত দুটি বড় ও শক্তিশালী ইসলামি ব্যাংক গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে ইসলামি ব্যাংকিং খাত জনগণের আস্থা হারায়নি উল্লেখ করে তিনি বলেন, গত এক বছরে সবচেয়ে বেশি আমানত এসেছে ইসলামি ব্যাংকগুলোতে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া সহায়তার অর্থ ফেরত দিয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ।
ঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়েছে জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্যে একটি নতুন ইসলামি ব্যাংকিং আইন প্রণয়নের কাজ চলছে।