ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার ও তৃণমূল কংগ্রেসের পাঁচবারের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। রোববার (১৬ আগস্ট) সকালে বীরভূম জেলার রামপুরহাট শহরে নিজের বাড়ির পাশের তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, তার মৃত্যুর পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, দলীয় কার্যালয় থেকে একটি কথিত সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে আশিস বন্দ্যোপাধ্যায় বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। রামপুরহাট বিধানসভা আসন থেকে তিনি পাঁচবার নির্বাচিত হন।
রামপুরহাটের হাটতলাপাড়া এলাকায় বসবাস করতেন তিনি। তার মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে তৃণমূলের কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের শিক্ষা ও কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তবে চলতি বছরের বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়।
গত জুনে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার কোর কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান আশিস বন্দ্যোপাধ্যায়। তবে দলটির সাধারণ সদস্য হিসেবে থাকবেন বলে জানিয়েছিলেন তিনি।
সর্বশেষ বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার ১১টি আসনের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে বিজেপি। ২০২১ সালের নির্বাচনে একই জেলায় তৃণমূল কংগ্রেস ১০টি আসনে জয় পেয়েছিল, আর বিজেপি পেয়েছিল একটি আসন।