জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ১৫ লাখ ডলার রেমিট্যান্স।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০২৬ সালের জানুয়ারির প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ৬০ ডলার। ২০২৫ সালের একই সময়ে এসেছিল ৭৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
১১ জানুয়ারি একদিনে প্রবাসীরা দেশে ২০ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছে জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরে জুলাই থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৭৬০ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ৩ শতাংশ।
এর আগে ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা ২০২৫-২০২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ ও দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।