২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবার বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে ৬ হাজার ২৯৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম নির্ধারণের মধ্য দিয়ে অতীতের সব রেকর্ড ভেঙেছে সোনা দাম।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানিয়েছে বাজুস। এদিন দুপুর সোয়া ১২টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকায় বিক্রি শুরু হয়েছে।
বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সবশেষ গতকাল (বৃহস্পতিবার) রাতে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। এদিন ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা নির্ধারণ করা হয়। আজ ২৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছিল এই দাম, যা টেকেনি দিনের অর্ধেক সময়ও।
এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি রূপা এখন বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।