সোনার বাজারে চলমান অস্থিরতার মধ্যেই বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দাম কমানোর ঘোষণা দিয়েছে। প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৯২৫ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকায়।
রোববার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন এই দাম আজ (সোমবার ২ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
সংগঠনটি জানিয়েছে, বিশ্ববাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। দেশের বাজারে দাম কমানো হলেও আন্তর্জাতিক বাজারে সোনার দাম শনিবার যে পতন হয়েছিল ওই অবস্থায় রয়েছে। রোববার আন্তর্জাতিক বাজারে লেনদেন বন্ধ ছিল।
বিশ্বজুড়ে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮৯৩ ডলারে নেমে এসেছে; যা গতকাল ৫ হাজার ২০০ ডলারে ছিল। এর আগের দিন বৃহস্পতিবার ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।