ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। তবে এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার ২ দিন সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ৪ দিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) ও আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।
এসডিএডির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।’
ডিএফআইএম’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে। আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।’
মূলত জনপ্রশাসন মন্ত্রণালয় গত ২৫ জানুয়ারির এক প্রজ্ঞাপনের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নির্বাহী আদেশে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে উক্ত দুইদিন ছুটি ঘোষণা করা হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।