চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব প্রকল্পের আওতায় পরিবহন কমপ্লেক্স, বিএনসিসি ভবন, প্রেস ভবন, শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন নির্মাণ এবং পুরাতন কলা অনুষদ ও কেন্দ্রীয় লাইব্রেরির সামনের সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
গত রোববার ও সোমবার পৃথক আয়োজনে এসব প্রকল্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রমে গতি আসবে বলে আমরা আশা করছি।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আব্দুল আহাদ জানান, প্রকল্পগুলোর জন্য মোট ১৩ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। দ্রুত কাজ শুরু করে আগামী এক বছরের মধ্যে তা সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দীসহ বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।