পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছুটির আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রদলের আহ্বায়ক মালিহা বিনতে খান (অবন্তী)।
বুধবার (১১ মার্চ) রাতে ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের মাঝে তিনি ঈদ উপহার হিসেবে একটি ঈদ কার্ড, চকলেট এবং ঈদ সালামি বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
উপহার পাওয়া হলের এক আবাসিক শিক্ষার্থী সুমাইয়া বিনতে খালিদ বলেন, ‘ঈদের ছুটির আগে এমন একটি চমক সত্যিই ভালো লেগেছে। একটি ছোট্ট ঈদ কার্ড, চকলেট আর সালামি—সব মিলিয়ে বিষয়টি আমাদের কাছে অনেক আন্তরিক মনে হয়েছে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা এখনো হলেই আছি, ঈদের ছুটি শুরু হওয়ার আগে এমন একটি উদ্যোগ আমাদের জন্য ভিন্নরকম অনুভূতি তৈরি করেছে। মনে হয়েছে কেউ আমাদের কথা ভেবেছে।’
এ বিষয়ে মালিহা বিনতে খান (অবন্তী) বলেন, ‘ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করা। অনেক শিক্ষার্থী ঈদের ছুটির আগে হলেই থাকে। তাদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আমেজ ছড়িয়ে দিতে এই ছোট্ট উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে এই ধরনের আন্তরিক সম্পর্ক ও আনন্দ ভাগাভাগির উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’