আগামী ২১ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের একগুচ্ছ জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বৃহস্পতিবার (২ এপ্রিল) এই নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা ওই নির্দেশনায় বলা হয়, অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। পাশাপাশি নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এছাড়া পরীক্ষার সময়সূচি অনুযায়ী সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে।
এ ক্ষেত্রে পরীক্ষা শুরুর ৩ দিন আগে ট্রেজারিতে বা থানা লকারের ট্যাংকে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা ঠিকভাবে যাচাই করতে হবে উল্লেখ করে নির্দেশনায় আরও বলা হয়, প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্র সচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা অবশ্যই উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রশ্নপত্রের ২ সেট করে সৃজনশীল (সিকিউ) এবং বহুনির্বাচনি (এমসিকিউ) সেট, পরীক্ষার তারিখ অনুসারে সেটভিত্তিক আলাদা করে ‘সিকিউরিটি’ খামে প্যাকেট করতে হবে।
এতে আরও বলা হয়, প্রশ্নপত্রের প্যাকেট যাচাইয়ের দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখ ভিত্তিক প্রশ্নপত্রের প্যাকেট সাজিয়ে ‘সিকিউরিটি’ খামে গাম লাগিয়ে এবং কার্টুন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে এবং ‘সিকিউরিটি’ খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড অবশ্যই লিখতে হবে। এ বিষয়ে কোনো ত্রুটি দেখা গেলে তা কেন্দ্র সচিবের দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে। পাশাপাশি ট্রেজারি থেকে পরীক্ষার দিনগুলোতে ট্রেজারি অফিসারের কাছ ওই দিনের প্রশ্নপত্রের ‘সিকিউরিটি’ খাম (সৃজনশীল (সিকিউ) ২ সেট এবং বহুনির্বাচনি (এমসিকিউ) ১ সেট) গ্রহণ করতে হবে। সেই সঙ্গে অত্যন্ত সতর্কতার সঙ্গে থানা বা ট্রেজারি থেকে ‘ট্যাগ অফিসার’ এবং পুলিশ প্রহরাসহ প্রশ্নপত্রের প্যাকেট (সিকিউরিটি খাম) কেন্দ্রে আনতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, মোবাইল ফোনে সেট কোডের এসএমএস পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, পুলিশ অফিসারকে প্রদর্শনের পর সেট কোড নিশ্চিত হয়ে প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে এবং অন্য সেটের প্রশ্নপত্রের প্যাকেট টেবিল থেকে সরিয়ে ট্যাংকজাত করতে হবে। আর অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় বোর্ডে জমা দিতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত সেট কোডের পরিবর্তে অন্য কোনো সেট কোডের প্রশ্নপত্রে পরীক্ষা নিলে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশনায় উল্লেখ রয়েছে।
এছাড়াও কেন্দ্র সচিবদের আরও বেশকিছু নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।