শিক্ষা হবে ক্যারিয়ারভিত্তিক বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিক্ষার্থীরা পড়াশোনার জন্য দীর্ঘ কয়েক বছর সময় ও রিসোর্স ব্যয় করে। এ ব্যয়ের বিনিময়ে তো প্রাপ্তি থাকতে হবে। শিক্ষার্থীদের প্রাপ্তি হবে একটি সুন্দর ভবিষ্যৎ ক্যারিয়ার।
রোববার (১২ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডি ড্যাফোডিল প্লাজায় গ্লোবাল অন্ট্রোপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত সামিটে প্রতিমন্ত্রী এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘সুন্দর ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষতা। সরকারও দক্ষতাভিত্তিক সংস্কৃতি ও সমাজ গঠন করার বিষয়ে শুরু থেকেই প্রতিজ্ঞাবদ্ধ।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে দক্ষ মানবসম্পদের অভাব রয়েছে। এজন্য বিদেশিরা আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানে চাকরি করে বেতন নিয়ে যাচ্ছে। প্রাইমারি স্কুল থেকেই আমরা শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার বিষয়ে মাইন্ডসেট তৈরি করতে চাই।’
তিনি বলেন, ‘আমাদের সরকার জবাবদিহির সরকার। নির্বাচনের সময় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ আমরা গাড়বোই।’
এদিকে, ‘স্কিল ইজ দ্য ফিউচার: ইয়ুথ এমপ্লয়অ্যাবিলিটি সামিট ২০২৬’-এর উদ্ভাবনী প্রকল্পে পুরস্কারের ঘোষণা দেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সামিটে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর ইনোভেটিভ প্রোজেক্ট তৈরি করতে হবে, যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বিশেষভাবে ক্রাইম প্যাটার্ন রিকগনিশন ও ক্রাইম ডিটেকশন সফটওয়্যার তৈরির ওপর গুরুত্বারোপ করেন। প্রতিমন্ত্রী ঘোষণা দেন যে, এ ধরনের কার্যকর ও বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করতে পারলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে। এ ছাড়া এসব উদ্ভাবনী প্রকল্প বাজারজাত করার ক্ষেত্রেও সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইউ) ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।