ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুদীপ চক্রবর্তীকে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১২টায় বিভাগের চেয়ারম্যান কাজী তামান্না হক সিগমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিভাগের ২০২৪ সালের এমএ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় বিভাগের শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। পরে মামলা রুজু হওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে গত ২৬ এপ্রিল অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আইনগত প্রক্রিয়া নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিভাগের সব প্রকার একাডেমিক কার্যক্রম, ক্লাস এবং সব পরীক্ষা কমিটি থেকে ড. সুদীপ চক্রবর্তীকে অব্যাহতি দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভাগের ২০২৪ সালের এমএ ২য় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী মুনিরা মাহজাবিনের মৃত্যুতে বিভাগ শোকাহত। তার এই অনাকাঙ্ক্ষিত চলে যাওয়া বিভাগকে স্তব্ধ করে দিয়েছে।
প্রসঙ্গত, রোববার (২৬ এপ্রিল) ভোরে উত্তর বাড্ডার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। মামলার পর একই দিন বিকেলে রাজধানীর উদয় ম্যানসন এলাকা থেকে সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ।