আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বন্যা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন। সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে।
উপদেষ্টা আরও বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনা অনুযায়ী প্রতিটি মন্ত্রনালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার জন্যও বলেছেন প্রধানমন্ত্রী।
এর আগে, শুক্রবার (১০ জুলাই) বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। কয়েক দিনের অতি ভারি বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।
এর আগে, একই কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।