প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের অনলাইন সংস্করণ প্রকাশ করতে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আগামী রোববার (২৮ ডিসেম্বর) থেকে শিক্ষার্থীরা এনসিটিবির ওয়েবসাইটে এসব পাঠ্যবইয়ের পিডিএফ কপি দেখতে ও ডাউনলোড করতে পারবে।
শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এনসিটিবির জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান। তিনি জানান, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের সঙ্গে পরিচিত করে তুলতেই অনলাইন সংস্করণ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
তার ভাষায়, রোববার থেকে এনসিটিবির ওয়েবসাইট (www.nctb.gov.bd)-এ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের মোট ৬৪৭টি পাঠ্যপুস্তকের পিডিএফ কপি পাওয়া যাবে। এতে শিক্ষার্থীরা ঘরে বসেই নতুন পাঠ্যবই পড়ার সুযোগ পাবে।
প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে এবার প্রায় ৩০ কোটি বই ছাপা হবে, যার শতভাগই দেশিয় প্রতিষ্ঠানের মাধ্যমে ছাপানোর কাজ চলছে। গত ১৬ ডিসেম্বর প্রাক-প্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৮ কোটি ৫৯ লাখ কপি নতুন বই ছাপার কাজ শেষ হয়েছে।
তবে মাধ্যমিক ও এবতেদায়ী শিক্ষার্থীদের জন্য ২১ কোটি ৪৩ লাখ বই ছাপার কাজ অনেকটাই বাকি রয়েছে। তাই নতুন বছরের প্রথম দিনের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থীর হাতে সব নতুন বই তুলে দেওয়া সম্ভব হবে কিনা, তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে।
এস এম আসাদুজ্জামানের ভাষ্য, ‘শিক্ষার্থীরা বই পেতে দেরি হলেও যেন অনলাইন থেকে সংগ্রহ করে পড়া চালিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করতেই বছর শুরুর আগে এবার অনলাইনে বই প্রকাশ পাচ্ছে।’
এনসিটিবি জানিয়েছে, রোববার বেলা ১১টায় এনসিটিবি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অনলাইন সংস্করণ উদ্বোধন করা হবে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার এবং গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।