এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা প্রকাশিত হয়েছে। সংশোধিত নীতিমালায় একজন শিক্ষক তার চাকরিজীবনে সর্বোচ্চ ৩ বার বদলির সুযোগ পাবেন। বদলির ক্ষেত্রে নীতিমালায় ৪টি বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন স্বাক্ষরিত নীতিমালা থেকে এসব তথ্য জানা যায়। নীতিমালা মঙ্গলবারইওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিন বার বদলি হওয়ার সুযোগ পাবেন।
একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে, (ক) নারী (খ) দূরত্ব (গ) স্বামী/স্ত্রীর কর্মস্থল (সরকারি/ আধা সরকারি/স্বায়ত্তশাসিত/ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান) (ঘ) জ্যেষ্ঠতা চাকরির বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। জ্যেষ্ঠতা সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী গণনা করা হবে।
একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারীর কর্মস্থল একই উপজেলায় হলে তাদের বর্তমান কর্মস্থল যে উপজেলায় সে উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী জাবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল যে জেলায় সে জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপপূর্বক অগ্রাধিকার নির্ধারণ করতে হবে।
নীতিমালায় বলা হয়েছে, একটি পদের জন্য প্রতিযোগি আবেদনকারীর কর্মস্থল বিভিন্ন জেলায় হলে তাদের স্ব-স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব পরিমাপ করতে হবে।
নীতিমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করার কথাও বলেছে সরকার।