৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা সারাদেশে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) একযোগে অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ-এই আটটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ইতোমধ্যে ম্যাজিস্ট্রেট, কেন্দ্র পরিদর্শক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
পিএসসি সূত্রে জানা গেছে, এবারের বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বাধিক ৬৫০ জন নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। প্রশাসন ক্যাডারে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন নেওয়া হবে। এছাড়া, নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে ৩৯৫ জনকে।
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হচ্ছে ‘এক বিসিএস, এক বছর’-এর যাত্রা। ৫১তম বিসিএস আসার আগেই ৫০তম বিসিএসের পুরো প্রক্রিয়া শেষ করতে চায় পিএসসি।
এদিকে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পরীক্ষা স্থগিত চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করেন হাইকোর্ট। ফলে আজ (শুক্রবার) পরীক্ষা অনুষ্ঠানে আর কোনো বাধা নেই।
এর আগে, গত বুধবার (২৮ জানুয়ারি) বিসিএসের ৪ প্রার্থীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
এদিকে পিএসসি আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই নিজ নিজ হলের নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষা হলের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো অবস্থাতেই কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্রে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি (এনালগ বা ডিজিটাল), মুঠোফোন, ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক কার্ড সদৃশ কোনো ডিভাইস, গয়না, চাবি ও কোনো ধরনের ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো প্রার্থীর কাছে এসব নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও প্রতিটি কক্ষে সময় দেখার জন্য দেয়াল ঘড়ি সরবরাহ করা হবে। এ ছাড়া পরীক্ষার সময় প্রার্থীদের দুই কান দৃশ্যমান রাখতে হবে। কানে কোনো শ্রবণযন্ত্র বা আবরণ রাখা যাবে না।