ঢালিউডের চাহিদা সম্পন্ন নায়ক শরীফুল রাজ এখন সিনেমাতেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন। তবে বিশেষ উৎসব কিংবা আয়োজনে বিশেষ অনুষ্ঠানে তার উপস্থিতি চোখে পড়ে। আগামী ঈদেও তেমনই একটি বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠানে তাকে দলীয় নৃত্যে পারফর্ম করতে দেখা যাবে। অনুষ্ঠানটির নাম ‘ইত্যাদি’। এতে রাজকে একটি গানের সাথে নাচে দেখা যাবে। নাচে তার সহশিল্পী হিসেবে থাকছেন শোবিজের আরেক জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূর।
সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় সমাজের চারিদিকে জালের মত ছড়িয়ে থাকা মিথ্যে ও দুর্নীতির ভিড়ে লুকিয়ে থাকা নীতি নৈতিকতা ও বাস্তবতা। বাল্যকালে শেখা নীতি কথা-কর্মকালে এসে-মর্মহীন হয়ে যায়, যা অনেকেই বোঝেন না-এসব বিষয় নিয়ে তৈরি করা হয়েছে এবারের দলীয় সংগীত। গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা। নৃত্যে অংশগ্রহণ করেছে ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীদল। নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন।
প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।