চার বোতল বিদেশি মদ নিজের হেফাজতে রাখার অভিযোগে করা মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। ৯ মার্চ ঢাকার এক আদালত মামলার এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, মামলায় রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আসিফ আকবরকে খালাস দেন আদালত।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ৬ জুন রাজধানীর পান্থপথে আর্ব এন্টারটেইনমেন্ট কার্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের অফিস কক্ষ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।
এ ঘটনায় লাইসেন্স ছাড়া বিদেশি মদ দখলে রাখার অভিযোগে ২০১৯ সালের ২৩ জুলাই রাজধানীর তেজগাঁও থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ২৪(ক) ধারায় করা হয়েছিল।
এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন। অর্থ-আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমিন। ভালোবাসা অবিরাম।’