ঈদের আনন্দকে আরও মায়াবী ও প্রাণবন্ত করে তুলতে বঙ্গতে আসছে অরিজিনাল ওয়েব ফিল্ম 'লাভ সিটার'। শাহজাদা মামুনের মূল গল্পে এবং অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের যৌথ পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মটি মুক্তি পেতে যাচ্ছে ঈদের ৩য় দিন, বঙ্গ অ্যাপ এবং ওয়েবসাইটে।
বড় শহরের ব্যস্ততা আর একাকিত্বের মাঝে গড়ে ওঠা এক অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মটি। চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে এক ট্রেন যাত্রায় আবিরের ব্যাগে ভুল করে ঢুকে পড়ে হৃদির প্রিয় বিড়াল 'হিপনোসিস'। এই একটি ছোট্ট দুর্ঘটনাই কীভাবে দু’টি একা মানুষকে কাছাকাছি নিয়ে আসে এবং একটি বিড়াল কীভাবে তাদের জীবনের আবেগীয় সেতুবন্ধন হয়ে ওঠে, তা-ই নান্দনিকভাবে ফুটে উঠেছে এই গল্পে।
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘এই গল্পটি আমার কাছে খুব ব্যক্তিগত। বড় শহরে মানুষে ভরা জীবনের মাঝেও এক ধরনের নিঃসঙ্গতা থাকে—যা অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না। 'লাভ সিটার' সেই নিঃসঙ্গতার ভেতরে জন্ম নেওয়া এক অদ্ভুত সম্পর্কের গল্প। আমরা দেখতে চেয়েছি, ভালোবাসা সবসময় বড় কোনো নাটকীয় ঘটনা নয়; অনেক সময় তা খুব নীরব, খুব সাধারণ, কিন্তু গভীরভাবে মানবিক। এই চলচ্চিত্রে বাস্তবতার মাঝেও আমরা একটি ছোট্ট ম্যাজিকের স্পর্শ রেখেছি—কারণ কখনো কখনো মানুষ এতটাই একা হয়ে যায় যে সে তার সবচেয়ে কাছের প্রাণীর সঙ্গেই নিজের কথা বলতে শুরু করে।’ এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান।