বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার পুরস্কারের অ্যাওয়ার্ডসের ৯৮তম আসর অনুষ্ঠিত হয়ে গেল। এবারের অস্কারের আসরে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। তিনি মঞ্চে দাঁড়িয়েই স্লোগান দেন ফ্রি প্যালেস্টাইনের। যখন অভিনেতা মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দেন তখন তার পাশে উপস্থিত ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আসেন হাভিয়ের বারদেম ও প্রিয়াঙ্কা চোপড়া।
এ সময় বারদেমের পোশাকে ‘যুদ্ধ নয়’ লেখা একটি পিন লাগানো ছিল। পুরস্কার ঘোষণার আগে তিনি বলেন, 'সে নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন’ অর্থাৎ যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন। তার এই বক্তব্যের পর উপস্থিত আমন্ত্রিত অতিথিরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান। পরে তারা নরওয়ের চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভ্যালু’-কে এই বিভাগের বিজয়ী হিসেবে ঘোষণা করেন।
মঞ্চে ওঠার আগেও রেড কার্পেটে দাঁড়িয়ে যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা। সেখানে প্যালেস্টাইনের সমর্থনে এবং যুদ্ধের বিরুদ্ধে বিশেষ প্যাচ লাগানো পোশাকে পোজ দেন তিনি। অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন তার উদ্বোধনী বক্তব্যে বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সিনেমা শুধু বিনোদন নয়, এটি বিশ্বজুড়ে শৈল্পিক ঐক্য এবং আশাবাদের প্রতীক। এবারের আসরে ৩১টি দেশের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করেছে।