কিছুদিন আগে অভিনেতা ফজলুর রহমান বাবু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ২৩ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে তার ওপেন হার্ট সার্জারি হয়। সেই সার্জারির পর এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।
সম্প্রতি তাকে দেখতে যান অভিনেতা চঞ্চল চৌধুরী। ২৫ মার্চ সামাজিক মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে বাবুকে দেখতে যাওয়ার কিছু ছবি শেয়ার করেন তিনি।
ফেসবুক পোস্টে চঞ্চল চৌধুরী লেখেন, এবারের ঈদের সবচেয়ে ভালোলাগার মুহূর্ত ছিল সপরিবারে বাবু ভাইকে দেখতে যাওয়া। জটিল অস্ত্রোপচারের পর তাকে হাসিমুখে দেখতে পারাটাই ছিল তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরো জানান, সবার প্রিয় এই অভিনেতা এখন অনেকটাই সুস্থ এবং খুব দ্রæত আবার ক্যামেরার সামনে ফিরবেন বলে আশা করছেন তিনি। উল্লেখ্য, গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। পাশাপাশি টেলিভিশন নাটকেও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।