পরিবর্তন আসছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ভেন্যুতে। ২০২৯ সাল থেকে আর হলিউডে আয়োজন করা হবে না জানিয়েছে আয়োজক সংস্থা। বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) এক ঘোষণায় অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস জানায়, ২০২৮ সাল পর্যন্ত হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠানটি আয়োজন করা হবে। এরপর ২০২৯ সাল থেকে এটি লস অ্যাঞ্জেলসের কেন্দ্রস্থলে অবস্থিত পিকক থিয়েটারে আয়োজন করা হবে।
নতুন ভেন্যু পিকক থিয়েটারটি লা লাইভ কমপ্লেক্সের অংশ, যা ক্রিপ্টো ডটকম অ্যারেনার পাশেই অবস্থিত, এটি এনবিএ দল লস অ্যাঞ্জেলস লেকার্সের হোম গ্রাউন্ড।
অ্যাকাডেমির প্রধান নির্বাহী বিল ক্রেমার ও প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেইলর জানান, ১০১তম অস্কারসহ ভবিষ্যতের আয়োজনগুলো এলএ লাইভকে কেন্দ্র করে আরও বড় পরিসরে উদযাপন করা হবে। তিনি বলেন, ‘অস্কারের ১০১তম আসর ও তার পরর আয়োজনগুলো সামনে রেখে, আমরা অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর পক্ষ থেকে (মালিক) এইজি-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছি।’
তিনি বলেন, আমাদের লক্ষ্য হলো, লা লাইভকে এমন এক আদর্শ মঞ্চে রূপ দেওয়া, যেখানে একদিকে সরাসরি হলে উপস্থিত দর্শকরা অনুষ্ঠান উপভোগ করতে পারবেন, পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের সিনেমাপ্রেমীরাও এই বৈশ্বিক উদযাপনের অংশ হতে পারবেন।
এই সিদ্ধান্তের অংশ হিসেবে আয়োজকরা এএইজির সঙ্গে ১০ বছরের একটি চুক্তি করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রচলিত টেলিভিশন সম্প্রচার থেকে সরে এসে ভবিষ্যতে অনুষ্ঠানটি বিশ্বব্যাপী ইউটিউবের মাধ্যমে সম্প্রচার করা হবে।
উল্লেখ্য, ডলবি থিয়েটারে দীর্ঘদিন ধরে অস্কার আয়োজন হয়ে আসছে, যা ১৯২৯ সালে প্রথম অস্কার প্রদান করা রুজভেল্ট হোটেলের খুব কাছেই অবস্থিত।
যদিও অস্কারের সঙ্গে হলিউডের নাম ওতপ্রোতভাবে জড়িত, অতীতেও বিভিন্ন সময়ে লস অ্যাঞ্জেলেসের অন্যান্য ভেন্যুতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৯৬০-এর দশকের বেশিরভাগ সময় এটি সান্তা মনিকা শহরে আয়োজন করা হয়।