মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানে ক্রিপ্টোকারেন্সির লেনদেনে বিশাল জোয়ার দেখা গেছে।
বিশ্লেষকদের মতে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে এবং তীব্র মুদ্রাস্ফীতির কবলে পড়া সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই ডিজিটাল মুদ্রার ব্যবহার বাড়ছে।
ব্লকচেইন বিশ্লেষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান চেইনঅ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরুর দিন থেকে ২ মার্চের মধ্যে ইরানের এক্সচেঞ্জ প্ল্যাটফর্মগুলো থেকে ১ কোটি ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি স্থানান্তর হয়েছে, যা অস্বাভাবিক বড় অঙ্কের লেনদেন।
চেইনঅ্যানালাইসিস আরও জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সির এই আকস্মিক উল্লম্ফনের সময় লেনদেনে ব্যবহৃত বেশ কয়েকটি ডিজিটাল ওয়ালেটের সঙ্গে আইআরজিসির সরাসরি যোগসূত্র পাওয়া গেছে।
গত বছর আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট ওয়ালেটগুলোতে ৩০০ কোটি ডলারেরও বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি জমা হয়েছে। এটি ইরানের মোট ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অর্ধেকের বেশি এবং এই হার ক্রমাগত বাড়ছে।
তথ্যসূত্র: আল জাজিরা