বাংলাদেশের জনপ্রিয় ও তরুণ নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত সিনেমা ‘আলী’ জার্মানির দর্শকের মন কাড়লো। সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬’-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জয় করেছে রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’।
গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত জমকালো সমাপনী আয়োজনে এই পুরস্কার ঘোষণা করা হয়। জুরি বোর্ডের মতে, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনসংগ্রাম এবং বৈচিত্র্যময় বাস্তবতাকে গভীর শৈল্পিকতায় তুলে ধরার জন্যই ‘আলী’ এই বিশেষ স্বীকৃতি পেয়েছে। এর আগে, ২০২৫ সালে বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব কান চলচ্চিত্র উৎসব-এর শর্ট ফিল্ম বিভাগে ‘স্পেশাল মেনশন’ অর্জন করে আলোচনায় আসে সিনেমাটি।
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের এক কিশোরকে ঘিরে। সামাজিক ও সাংস্কৃতিক বাধা অতিক্রম করে সংগীতে নিজের স্বপ্ন পূরণের লড়াই এখানে উঠে এসেছে। উপকূলের কঠিন বাস্তবতা আর মানবিক আবেগের মেলবন্ধনে নির্মিত এই চলচ্চিত্র দর্শকদের আবেগতাড়িত করার পাশাপাশি ভাবনার খোরাকও জুগিয়েছে।