ভারতের পশ্চিমবঙ্গের বাচিকশিল্পী ও অভিনেতা বিপ্লব দাশগুপ্ত মারা গেছেন। পরিবারে তার স্ত্রী এবং মেয়ে রয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর সোয়া ৬টার দিকে তিনি মারা যান। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন বিপ্লব দাশগুপ্ত।
ভোরবেলা হঠাৎ করে শরীর খারাপ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে পথেই মৃত্যু হয় তার।
অভিনেতার পরিবারের সদস্যরা বলেছেন, তার চিকিৎসায় কিছুটা চিকিৎসা বিভ্রাট হয়েছিল। দীর্ঘদিন অসুস্থতার কারণে, অভিনেতা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
প্রসঙ্গত, দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন বিপ্লব দাশগুপ্ত। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও তিনি ছিলেন সমান জনপ্রিয়। ‘ফেলুদা’, ‘বাইশে শ্রাবণ’ ও ‘গুমনামি’র মতো প্রশংসিত সিনেমায় তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে।
২০১৯ সালে ‘দেবতার গ্রাস’ ছবিতে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন তিনি।