হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আসর একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের নিয়মকানুনে বড় ধরনের পরিবর্তন আনছে কর্তৃপক্ষ। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ২০২৭ সালের ৯৯তম আসরকে সামনে রেখে নতুন নীতিমালা অনুমোদন করা হয়েছে। আসন্ন ৯৯তম আসরকে সামনে রেখে নতুন এই নিয়মগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অভিনয় ও চিত্রনাট্য বিভাগ, এবং আন্তর্জাতিক চলচ্চিত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
সবচেয়ে আলোচিত পরিবর্তন হলো অভিনয় ও চিত্রনাট্য বিভাগে শুধুমাত্র মানুষের কাজই পুরস্কারের জন্য যোগ্য হবে। অর্থাৎ, এআই দিয়ে তৈরি অভিনয় বা স্ক্রিপ্ট অস্কারের জন্য বিবেচিত হবে না। একাডেমি জানিয়েছে, পারফরম্যান্স অবশ্যই “মানুষের দ্বারা এবং তাদের সম্মতিতে” সম্পাদিত হতে হবে এবং স্ক্রিপ্টও সম্পূর্ণ মৌলিক হতে হবে।
অভিনয় বিভাগেও বড় পরিবর্তন এসেছে। নতুন নিয়ম অনুযায়ী, একজন অভিনেতা বা অভিনেত্রী একই বিভাগে একাধিক কাজের জন্য মনোনয়ন পেতে পারবেন যদি সেই কাজগুলো ভোটে শীর্ষ পাঁচে স্থান পায়। আগে এমন সুযোগ ছিল না।
আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র বিভাগেও আনা হয়েছে উল্লেখযোগ্য সংস্কার। এখন থেকে কোনো দেশের একাধিক চলচ্চিত্র মনোনয়নের সুযোগ পেতে পারে, বিশেষ করে যদি সেগুলো কান, বার্লিন বা সানড্যান্সের মতো বড় চলচ্চিত্র উৎসবে পুরস্কার জেতে। পাশাপাশি, এই বিভাগে পুরস্কারটি দেশের পরিবর্তে সরাসরি পরিচালকের নামে প্রদান করা হবে।
অন্যান্য পরিবর্তনের মধ্যে রয়েছে কিছু বিভাগে মনোনয়ন তালিকা সম্প্রসারণ এবং নতুন ক্যাটাগরির কাঠামোগত সংশোধন। এসব পরিবর্তনের মাধ্যমে একাডেমি বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্পকে আরও অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক করার লক্ষ্য নিয়েছে। বিশ্লেষকদের মতে, নতুন এই নীতিমালা আন্তর্জাতিক নির্মাতাদের জন্য সুযোগ বাড়াবে এবং একই সঙ্গে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি স্পষ্ট সীমারেখা নির্ধারণ করবে, যা ভবিষ্যতের চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
২০২৭ সালের ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে আগামী অস্কার।