অধিনায়ক বদলের পর থেকেই যেন ছন্দ হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পর প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, কিন্তু বাস্তবে মিলছে উল্টো চিত্র। একের পর এক হারে চাপে আছে দলটি, আর সমালোচনার মুখে অধিনায়ক নিজেও।
গতকাল শনিবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হার ছিল এবারের আইপিএলে মুম্বাইয়ের সপ্তম পরাজয়। ফলে প্লে-অফের আশা এখন অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। তবে এই ব্যর্থতার জন্য শুধু হার্দিককে দায়ী করতে নারাজ মনোজ তিওয়ারি। তার মতে, অধিনায়ক হিসেবে হার্দিক দলের ভেতর থেকে প্রয়োজনীয় সমর্থন পাচ্ছেন না। তিনি বলেন, ‘আমার মতে মুম্বাইয়ের অভিযান কার্যত শেষ। একজন অধিনায়ক দলের সব খেলোয়াড়ের শক্তি হিসেবে কাজ করেন। কিন্তু আমার মনে হচ্ছে, হার্দিকের পাশে কেউ দাঁড়াচ্ছে না। সতীর্থদের কাছ থেকে যে রকমের সহায়তা পাওয়া দরকার, সেটা তিনি পাচ্ছেন না।’
দলগত ব্যর্থতার দিকেও আঙুল তুলেছেন তিনি। ‘দল হারলে শুধু অধিনায়ক নয়, পুরো দলকেই দায় নিতে হয়। সূর্যকুমার যাদব ধারাবাহিক নন, তিলক বর্মাও ফর্ম ধরে রাখতে পারছেন না। দলই যদি এমন খেলে, তাহলে ভালো ফল আসবে কিভাবে?’ আরওও যোগ করেন মনোজ।
কাগজে-কলমে এবারের আইপিএলে অন্যতম শক্তিশালী দল হিসেবেই বিবেচনা করা হয়েছিল মুম্বাইকে। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহ; তারকায় ভরপুর এই স্কোয়াড নিয়েও প্রত্যাশা পূরণ হয়নি।
মনোজের কথায় সায় দিয়েছেন মুরলি কার্তিকও। তার মতে, মুম্বাইয়ের এবারের মৌসুম প্রায় শেষের দিকেই। তিনি বলেন, ‘এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে। সবগুলো জিতলেও ১৪ পয়েন্ট হবে। কিন্তু পয়েন্ট টেবলের শীর্ষে থাকা পাঞ্জাব, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও রাজস্থানের মতো দলগুলো ১২-১৩ পয়েন্টে রয়েছে।’
সবমিলিয়ে, তারকায় ভরা স্কোয়াড নিয়েও কেন এমন ব্যর্থতা! সেই প্রশ্নের উত্তর এখনো খুঁজে ফিরছে মুম্বাই ইন্ডিয়ান্স।