অভিনয়ের বাইরেও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জীবন যেমন প্রকৃতি ঘেঁষা, তেমনি তার দৈনন্দিন জীবনযাপনও বৈচিত্রময়। সেসব গল্পই এখন জয়া দেখাবেন নিজের ইউটিউব চ্যানেলে। ফেসবুক পেইজে জয়া আহসানের ফলোয়ার প্রায় ষাট লক্ষ। তবে, এতদিন ছিল না কোন ইউটিউব চ্যানেলে। সে কাজটিই করেছেন জয়া। নিজেই নিজের মিডিয়া হয়ে ওঠার পথে পা বাড়ালেন আরও এক ধাপ। ফেসবুকে নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেয়ার করে সবাইকে সাবসক্রাইব করতে আহ্বান জানিয়েছেন। ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নিজের সৃজনশীল কাজের অন্দরমহলের গল্প তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।
এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘পর্দায় দর্শক যে চরিত্রগুলো দেখেন, তার পেছনের বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতি এবং নানা অজানা মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই নতুন প্ল্যাটফর্ম।’
নতুন এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশিত হচ্ছে তার কনটেন্ট। অভিনয়জীবনের নেপথ্যের দৃশ্য, শুটিং সেটের অভিজ্ঞতা এবং কাজের বিভিন্ন ধাপের গল্প। পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিশেষ দিকও উঠে আসছে ভিডিওগুলোতে।