বায়োস্কপ ফিল্মস তাদের চলচ্চিত্র পরিবেশনার ৫৪ তম শুভমুক্তি হিসেবে আমেরিকায় নিয়ে এলো রায়হান রাফি পরিচালিত ‘প্রেশার কুকার’ চলচ্চিত্রটি।
মুভিটি ১৫ মে নিউইয়র্কে প্রিমিয়ার শো-এর মাধ্যমে যাত্রা শুরু করলো।
প্রিমিয়ার অনুষ্ঠানে বায়োস্কপ ফিল্মস তাদের সর্বাধিক ছবি ডিস্ট্রিবিউশনের মাইলফলকের এই সময়টিকে স্মরনীয় রাখতেই বিশেষ আয়োজন করলেন নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমায়।
এই আয়োজনে দীর্ঘ সময়ে চলচ্চিত্রের বিশেষ অবদানের জন্য গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে সম্মাননা প্রদান করে বায়োস্কপ ফিল্মস।
বায়োস্কপ ফিল্মসের অন্যতম কর্ণধার নওশাবা রুবনা রশীদ অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগরকে সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেশার কুকার চলচ্চিত্রের পরিচালক রায়হান রাফি, প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, অভিনেতা চঞ্চল চৌধুরী, শহীদুল আলম সাচ্চুসহ অনেকে।
অনুষ্ঠানে সম্মাননা হাতে নিয়ে ফরিদুর রেজা সাগর বলেন, ‘বাংলা মুভিকে সারাবিশ্বে ছড়িয়ে দেবার কাজ করছে রাজ হামিদ ও রুবনা রশীদ। তাদের কাজটা সহজ নয়। অনেক কঠিন। সেই প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় আমাকে সম্মাননা দেয়া হলো, বিষয়টি আমার জন্য ভালোলাগার। আমি বায়োস্কপের আরো সমৃদ্ধি কামনা করছি।’