গত ঈদে মুক্তির সময় থেকেই জটিলতায় পড়ে আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’।
মুক্তির একমাস পর সিনেমার বিরুদ্ধে ‘সার্টিফিকেশন বিহীন গান ও দৃশ্য সংযোজন করে প্রদর্শন’-এর অভিযোগে সেন্সর সাময়িক স্থগিত করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেই অভিযোগের প্রেক্ষিতে সিনেমা হলে প্রিন্স-এর প্রদর্শন আটকে যায়।
পরে নতুন করে আবারও ‘প্রিন্স’ কিছু দৃশ্য নতুন করে এডিট করে সেন্সরে জমা দিয়েছিলেন ছবির কর্তৃপক্ষ। এর প্রেক্ষিতে ২৪ মে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে স্থগিত আদেশ তুলে নিয়ে ‘এ’ ক্যাটাগরিতে প্রদর্শনে বাধা নেই বলে সার্টিফিকেশন দেয়া হয়।
পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে যে অবজেকশনগুলো ছিল সেগুলো কারেকশন করে জমা দিয়েছিলাম। তারা পুনরায় দেখে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। এখন আর প্রদর্শক হতে বাধা নেই। শিগগির দেশের বাইরে আমেরিকা, কানাডাতে মুক্তি দেব ছবিটি।
‘প্রিন্স’ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু।
আসন্ন ঈদুল আযহায় দ্বিতীয় দিন ‘প্রিন্স’-এর চ্যানেল আইয়ের পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে। বর্তমানে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম উৎসবে।