বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-তে শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। দীর্ঘদিন ধরে এই শোয়ের মুখ ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। কিন্তু এবার সেই পরিচিত ছবিতে বদল আসছে। স্টার জলসার ‘বিগ বস বাংলা’-র দায়িত্ব নেওয়ার পর ‘দাদাগিরি’-র সঞ্চালকের আসনে দেখা যাবে টলিউডের সুপারস্টার দেবকে।
‘দাদাগিরি’ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম যেন বছরের পর বছর ধরে একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। তাই নতুন মুখকে গ্রহণ করা দর্শকদের কাছে সহজ হবে না বলেই মনে করছেন অনেকে। অতীতেও সঞ্চালকের পরিবর্তনের চেষ্টা হয়েছিল। এক সময় মিঠুন চক্রবর্তীকে নিয়ে পরীক্ষানিরীক্ষা করা হলেও সেই উদ্যোগ প্রত্যাশিত সাড়া পায়নি। ফলে এবার দেবের কাঁধে দায়িত্বটা নিঃসন্দেহে বড়।
চ্যালেঞ্জ নিতে বরাবরই পছন্দ করেন দেব। অভিনয় এবং রাজনীতির পাশাপাশি এবার তিনি নাম লেখাচ্ছেন সঞ্চালনার জগতে।
এর আগে ‘দাদাগিরি’-র মঞ্চে অতিথি হিসেবে একাধিকবার উপস্থিত হয়েছেন তিনি। সৌরভের প্রশ্নের মুখোমুখিও হয়েছেন। তবে এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম, এবার তিনিই থাকবেন সঞ্চালকের ভূমিকায়।
সম্প্রতি জি বাংলার তরফে প্রকাশিত এক বিশেষ কোলাজ প্রোমোতে মিলেছে সেই ইঙ্গিত। চ্যানেলের আসন্ন ধারাবাহিক ‘ইচ্ছেধারী নাগকন্যা’ ও ‘বাঘিনী’-র ঝলকের পাশাপাশি দেখা গিয়েছে ‘দাদাগিরি’-র নতুন টিজারও। সেখানে এক প্রাসাদোপম বাড়ির অন্দরমহলে ক্যামেরার দিকে পিঠ করে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দেখা যায়। মুখ স্পষ্ট না হলেও অনুরাগীদের দাবি, তিনি আর কেউ নন, দেব। সেই ঝলক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।
শোনা যাচ্ছে, দেবের হাত ধরে শোয়ের উপস্থাপনা এবং ফর্ম্যাট-দুই ক্ষেত্রেই কিছু পরিবর্তন আসতে পারে। খুব শিগগিরই শুরু হবে অডিশন পর্বও। ফলে দর্শকদের কৌতূহল এখন একটাই, সৌরভের দীর্ঘদিনের জনপ্রিয়তা ও ঐতিহ্যকে বজায় রেখে দেব কতটা সফলভাবে ‘দাদাগিরি’-র নতুন ইনিংস শুরু করতে পারেন।