ভয়াবহ অগ্নিকাণ্ডে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৩০০-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন হয়ে পড়েছেন অন্তত ৬২০ জন মানুষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতারা নিউজ এজেন্সি স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, সোমবার রাতে মধ্য জাকার্তার কেমায়োরান ডিস্ট্রিক্ট এলাকায় আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে।
সেন্ট্রাল জাকার্তা ফায়ার ও রেস্কিউ এজেন্সি জানায়, অগ্নিকাণ্ডে ৩৩০টি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন ব্লকের বাসিন্দারা বাস্তুচ্যুত হয়েছেন। প্রায় ৬২০ জন মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছেন।
জানা যায় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দমকলকর্মীদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সংকীর্ণ ও যানজটপূর্ণ সড়ক, বিপুলসংখ্যক উৎসুক মানুষের ভিড় এবং আগুন ছড়িয়ে পড়ার সময় বাসিন্দাদের নিজেদের মালামাল উদ্ধারের চেষ্টা উদ্ধারকাজকে জটিল করে তোলে।
কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সোমবার (১ জুন) রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে মঙ্গলবার ভোর ৪টা ১৫ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। আগুন নেভাতে ৩৫টি দমকলের গাড়ি ও ১৭৫ জন কর্মী মোতায়েন করা হয়েছিল।
কর্মকর্তারা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ ও পুনর্বাসন সহায়তার বিষয়ে কাজ চলছে।
তথ্যসূত্র: আনাদোলু