করপোরেট চাকরির ব্যস্ততা সামলেও সিনেমা বানানোর স্বপ্ন ছাড়েননি একদল তরুণ নির্মাতা। সেই স্বপ্ন থেকেই জন্ম নিয়েছিল ইউটিউবভিত্তিক প্ল্যাটফর্ম ফ্রেন্ডলি নেবারহুড ফিল্মমেকার্স (এফএনএফ)। এবার তাদের নির্মিত ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র একসঙ্গে মুক্তি পেয়েছে ইউটিউবে।
গত বছর ৩০ মে বিশেষ প্রদর্শনীর মাধ্যমে প্রথমবার দর্শকের সামনে আসে এই ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। স্বল্প বাজেট ও সীমিত পরিসরে নির্মিত সিনেমাগুলো তখন দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়। সেই প্রদর্শনীর এক বছর পূর্তিতে এবার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে সিনেমাগুলো।
বর্তমানে ফ্রেন্ডলি নেবারহুড ফিল্মমেকার্সের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ভিন্ন ভিন্ন ঘরানার এই সিনেমাগুলো হলো জাহিদুল হক অপুর ‘হুদাই মিস’, ইবনে নূর রাকিবের ‘হামাংকুলাস’, আদেল ইমাম অনুপের ‘সোলমেট’, শেখ কোরাশানীর ‘চা চাই’, আল-আমিন হাসান নির্ঝরের ‘তেলাপোকা’, মাহমুদা সুলতানা রীমার ‘লোক’, কনক খন্দকারের ‘ইন অ্যানাদার ওয়ার্ল্ড’, ফজলে রাব্বির ‘ফর সেল’, ইমতিয়াজ হোসেনের ‘অন দ্য কন্ট্রারি’এবং আবীর ফেরদৌস মুখরের ‘ইশপাইট’।
‘হুদাই মিস’ সিনেমায় দেখা যাবে এক করপোরেট চাকরিজীবী ও জিনের অদ্ভুত গল্প। রোমান্টিক আবহে নির্মিত হয়েছে ‘ইশপাইট’। এ ছাড়া ‘প্রেশার কুকার’খ্যাত অভিনেতা রিজভী রিজু অভিনয় করেছেন ‘ফর সেল’ সিনেমায়। আর ‘রকস্টার’ সিনেমার গীতিকার ও কণ্ঠশিল্পী আহমেদ হাসান সানিকে দেখা যাবে ‘অন দ্য কন্ট্রারি’ সিনেমায়।
নির্মাতাদের আশা, এই উদ্যোগ নতুন নির্মাতাদের স্বল্প পরিসরেও গল্প বলার সাহস জোগাবে। ‘সিজন ওয়ান’ নাম থেকেই স্পষ্ট, এটি কেবল শুরু। খুব শিগগির দ্বিতীয় সিজনের ঘোষণাও আসতে পারে বলে জানিয়েছেন তাঁরা।