সংগীতশিল্পী রুবা মজুমদারের নতুন গান ‘মেঘে ঢাকা চাঁদ’ প্রকাশিত হয়েছে। প্রেম, অপেক্ষা ও না-বলা অনুভূতির আবহে নির্মিত গানটি ইতোমধ্যে শ্রোতাদের কাছে পৌঁছাতে শুরু করেছে।
মনের দ্বিধা কাটিয়ে ভালোবাসার কথা প্রকাশের আহ্বান জানানো হয়েছে গানের কথায়। ‘রেখো না দ্বিধা মনে, বলে দাও কানে কানে’— এমন কথামালার মধ্য দিয়ে ফুটে উঠেছে ভালোবাসার অনুভূতি, অপেক্ষা এবং প্রিয় মানুষকে মনের কথা জানিয়ে দেওয়ার বার্তা।
‘মেঘে ঢাকা চাঁদ’ গানের কথা ও সুর করেছেন এস আই খোকন। সংগীতায়োজন করেছেন রাজন সাহা। গানটিতে কণ্ঠ দিয়েছেন রুবা মজুমদার।
গানটি প্রসঙ্গে রুবা মজুমদার বলেন, ‘ ভীষণভাবে চাই গানটা মানুষের কাছে পৌঁছাক। মানুষ বাংলা গানের চর্চা ও অভ্যাসে থাকুক। আরও আরও ভালো গান করতে চাই, সুন্দর সুন্দর গান গাইতে চাই। আমাদের বাংলা সিনেমাতেও গান করতে চাই।’
গানটির ভিডিও নির্মাণ ও পরিচালনা করেছেন এমডি সাইদুজ্জামান পলাশ এবং রুবা মজুমদার। চিত্রগ্রহণ ও সম্পাদনার দায়িত্বও পালন করেছেন এমডি সাইদুজ্জামান পলাশ।
সংগীতাঙ্গনে রুবা মজুমদার একজন পরিচিত নাম। তিনি সরকারি সংগীত কলেজ থেকে সংগীতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং ছায়ানট থেকে ফোক ও ক্ল্যাসিক্যাল মিউজিকে সাত বছর অধ্যয়ন করেছেন। ‘ঢাকা ফোকস’ নামে তার একটি ব্যান্ড রয়েছে, যারা মূলত ফোক ফিউশন ও কান্ট্রি মিউজিক নিয়ে কাজ করে।
২০১৫ সালে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে গান গেয়ে আলোচনায় আসেন রুবা। পরে আরটিভি ফোক স্টেশনের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। এরই মধ্যে জি-সিরিজ ও লেজার ভিশন থেকে প্রকাশ হয়েছে তার বেশ কয়েকটি মৌলিক ও ফোক গান। পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলেও নিয়মিত গান প্রকাশ করে আসছেন।
বর্তমানে নতুন কিছু মৌলিক গান নিয়ে কাজ করছেন এই শিল্পী। পাশাপাশি ‘ঢাকা ফোকস’ ব্যান্ডের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে স্টেজ শোতেও অংশ নিচ্ছেন তিনি।