‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তির পর শাকিব খানের পাশাপাশি আরেকটি নাম দর্শকের কাছে পরিচিতি পেয়েছে। সেই নামটি হিমেল আশরাফ। প্রিয়তমা সিনেমার পরিচালক তিনি। সেই সিনেমার সাফল্যের পর শাকিবকে নিয়ে ‘রাজকুমার’ নামের আরেকটি সিনেমাও নির্মাণ করেন তিনি। সেই হিমেল আশরাফ শাকিবকে নিয়ে আবারও একটি সিনেমা বানানোর পরিকল্পনা হাতে নিয়েছেন। এই কাজের ইঙ্গিত মিলেছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি পোস্ট থেকে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহেন্দ্র সোনি কদিন আগে ফেইসবুকে একটি ছবি প্রকাশ করেন। সেখানে তার সঙ্গে দেখা যায় শাকিব খান, প্রযোজক শাহরিয়ার শাকিল এবং নির্মাতা হিমেল আশরাফকে। ওই ছবির ক্যাপশনে মহেন্দ্র সোনি লিখেছেন, “শুরু হোক আবার”। তবে সিনেমা নিয়ে নির্মাতা এখনই আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইছেন না।
হিমেল আশরাফ এ প্রসঙ্গে বলেন, "আমাদের সিনেমার শুধু গল্প চূড়ান্ত হয়েছে, আর কোনো কিছুই এখনই সামনে নিয়ে আসার সময় হয়নি।
বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাসে আমরা আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিস্তারিত জানতে পারব।"
চিত্রনাট্য নিয়ে হিমেল বলেন, "এটি মূলত রোমান্টিক প্রেমের গল্পনির্ভর পারিবারিক একটি সিনেমা হবে। মানুষকে এক ভালোবাসার গল্প দেখাবে।"