জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম কমানোর এই নতুন ঘোষণা দিয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুন মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম এক হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৫.৫ কেজি ৮৬৪ টাকা, ১২.৫ কেজি ১৯৬৩, ১৫ কেজি ২৩৫৬, ১৬ কেজি ২৫১৩, ১৮ কেজি ২৮২৭, ২০ কেজির দাম ৩১৪১ নির্ধারণ করা হয়েছে।
একইসাথে ২২ কেজির দাম ৩৪৫৫ টাকা, ২৫ কেজি ৩৯২৭, ৩০ কেজি ৪৭১২, ৩৩ কেজি ৫১৮৩, ৩৫ কেজি ৫৪৯৭ এবং ৪৫ কেজির দাম ৭০৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে মে মাসে দেশের বাজারে অপরিবর্তিত রাখা হয়েছিল এলপি গ্যাসের দাম। তবে এপ্রিলে দুইবার সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় এক হাজার ৭২৮ টাকা। এরপর ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে এক হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
অন্যদিকে, মঙ্গলবার জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে দুই টাকা ৫৯ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম ৮৬ টাকা ৯৩ পয়সা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৩ মে সর্বশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে দুই পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।