বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা রিয়েলিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’-এর প্রথম পর্বেই স্বামীকে নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন। শনিবার (২৭ জুন) থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছেন রীতেশ দেশমুখ ও ফারাহ খান। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানটিতে নিজের দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেন সুনীতা। এক পর্যায়ে ফারাহ খান সুনীতাকে নিয়ে প্রকাশিত একটি শিরোনাম পড়ে শোনান, যেখানে লেখা ছিল—‘আমি স্বামী হিসেবে নয়, ছেলে হিসেবে গোবিন্দকে চাই।’
এর ব্যাখ্যা দিতে গিয়ে সুনীতা বলেন, ‘ভালোবাসলে অনেক কিছুই সহ্য করতে হয়। চি চি (গোবিন্দ) জীবনে অনেক সম্পর্ক করেছেন। নায়ক-নায়িকাদের মধ্যে এসব হয়েই থাকে। এত বছর আমি তার পাশে থেকেছি। তাই আমার মনে হয়, তার মতো একজন ছেলে পাওয়ার যোগ্য আমি।’
এরপর রীতেশ দেশমুখ আরেকটি শিরোনাম পড়ে শোনান, যেখানে বলা হয়—‘যতক্ষণ স্বামী-স্ত্রী একসঙ্গে থাকে, ততক্ষণ ‘আঁখিওঁ সে গোলি মারে’; কিন্তু জীবনে তৃতীয় কেউ এলে হাঁটুতে ‘গোলি’ মারে।’
এতে হাস্যরসের সুরে সুনীতা বলেন, ‘শুনছো তো চি চি? জীবনে অন্য কেউ এলেই হাঁটুতে গুলি লাগে। আমি তখন মুম্বাইতেই ছিলাম না। অথচ অনেকেই বলেছিল, আমিই নাকি গুলি করেছি। কিন্তু আমি তখন খাটু শ্যামে ছিলাম।’
উল্লেখ্য, গোবিন্দ ও সুনীতা আহুজা ১৯৮৭ সালে বিয়ে করেন। তবে প্রায় দুই বছর তারা বিয়ের খবর গোপন রেখেছিলেন। কন্যা টিনা আহুজার জন্মের পর তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের বিষয়টি প্রকাশ করেন। তাদের আরেক সন্তান যশবর্ধন আহুজা।
‘লক আপ: সাচ ইয়া সাজা’–এর দ্বিতীয় সিজন ২৭ জুন থেকে নেটফ্লিক্সে প্রচার শুরু হয়েছে। সুনীতা আহুজার পাশাপাশি এ সিজনে অংশ নিয়েছেন রাম কাপুর, শিবাঙ্গী জোশি, ধীরজ ধুপার, হর্ষদ চোপড়া, রিয়াজ আলি, শ্রেয়া কালরাসহ আরও কয়েকজন তারকা প্রতিযোগী।