নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালিহর নদী থেকে ইটের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে কালিহরকান্দা এলাকার কালিহর নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি একটি কালো শার্টে মোড়ানো ছিল এবং লাল রঙের রশি দিয়ে একটি ইটের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি পানির নিচে তলিয়ে রাখার উদ্দেশ্যেই ইটের সঙ্গে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতকের পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।