রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মৃত্যুর ঘটনায় তার বন্ধু হাসিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলছে, হাসিবুর রহমানের সঙ্গে রিধিকার প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রিধিকার মা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় হাসিবুর রহমানের বিরুদ্ধে রিধিকাকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে।
মামলা হওয়ার পর শনিবার বসুন্ধরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ।
ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে পুলিশ ধারণা করেছিল, এটি আত্মহত্যার ঘটনা। তবে কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে।’
পুলিশ জানায়, শনিবার সকাল ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃত্যুর আগে রিধিকা গ্রেপ্তার হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। ওই সময়ই তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।