শাকিব খান। দর্শকরা ভালোবেসে তাকে সুপারস্টার বা কিং খান বলে ডাকেন। প্রিয়তমা, রাজকুমার, বরবাদ, তুফান, তাণ্ডব—এই সিনেমাগুলো তার ক্যারিয়ার বদলে দিয়েছে। তার নামেই এখন দর্শকরা হলমুখী হন। ক’দিন আগেই অভিনয় জীবনের ২৬ বছর পূর্ণ করেছেন শাকিব। বলাই যায়, ক্যারিয়ারের সুসময় পার করছেন তিনি।কারণ সম্প্রতি সময়ে একের পর এক চমক নিয়ে পর্দায় ফিরছেন শাকিব। সেই সঙ্গে হিট সিনেমা দিচ্ছেন দর্শকদের।
কিছুদিনব আগেই অন্তর্জালে উন্মুক্ত হয়েছিল তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক, যা নিয়ে বেশ চর্চা হয়েছিল। এবার সেই লুক নিয়েই প্রকাশ্যে এলেন এই নায়ক।
শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছেন শাকিব। তার আসার খবরে বনানীতে শত শত দর্শকের সমাগম হয়েছে। উপস্থিত সবাই শাকিব খান খান শাকিব খান বলে চিৎকার করছেন, তাকে এক নজর দেখার জন্য।
নায়কও তা ফেরাননি, আউটলেটের নিচে এসে সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন।
বর্তমান শাকিব খান ব্যস্ত রয়েছেন সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। সবকিছু ঠিকঠাক থাকলে ‘সোলজার’ ছবিটি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।