শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এর নায়িকা নিয়ে চলছিল ধোঁয়াশা। এর মধ্যে এই সিনেমার সঙ্গে জড়িয়েছে কলকাতার ইধিকা পাল, বাংলাদেশের তাসনিয়া ফারিণের নাম। কিন্তু শেষ পর্যন্ত ছোটপর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণকে চূড়ান্ত করেছেন সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ।
জানা গেছে, ‘প্রিন্স’ সিনেমায় তিনজন নায়িকা কাজ করবেন। তবে আরেক নায়িকা কলকাতার ইধিকা পালের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়ছেন তিনি।
এর কারণ হিসেবে জানা গেছে, ইধিকা ‘প্রিন্স’-এর নায়িকা হচ্ছেন, এমন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর শাকিবিয়ানরা ইধিকাকে আর চাইছেন না। ‘প্রিন্স’ টিম ভক্তদের এই মতামতকে গুরুত্ব দিয়ে ইধিকাকে বাদ দিয়েছে।
এ প্রসঙ্গে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, মুম্বাই থেকে ফিরে সবকিছু জানানো হবে। এর আগে কিছু জানাতে পারছি না।
জানা গেছে, এ সপ্তাহে ফারিণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করেছেন প্রযোজক শিরিন সুলতানা।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে শিরিন সুলতানার প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে ‘প্রিন্স’, ট্যাগ লাইন ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’। অ্যাকশন ধাঁচের এ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তির টার্গেট নিয়ে নির্মিত হতে যাচ্ছে। শুটিং শুরুর কথা রয়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।