বলিউড অভিনেত্রী ও গায়িকা সোফি চৌধুরী। মাত্র কয়েকটি ছবিতে কাজ করতে দেখা গেছে তাকে। যেগুলো করেছেন, সেগুলোও হিট নয়। এদিকে বলিউডে নিয়মিত কাজ না করলেও কীভাবে বিলাসবহুল জীবনযাপন করেন- সাম্প্রতিক এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
এ নিয়ে সামাজিক মাধ্যমে সোফি জানিয়েছেন, তার মূল আয়ের বড় অংশ আসে সঞ্চালনা ও স্টেজ পারফরম্যান্স থেকে।
সম্প্রতি ভারতের উদয়পুরে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দেন সোফি চৌধুরি। সেখানে আন্তর্জাতিক তারকা জেনিফার লোপেজ পারফরম্যান্স করেন। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে সোফিকে নিয়ে নানা মন্তব্য শুরু হয়। কেউ প্রশ্ন তোলেন—সিনেমায় খুব একটা দেখা যায় না, তবু এত আয় আসে কোথা থেকে?
সমালোচনার জবাবে অভিনেত্রী বলেন, “১৭ বছর ধরে আমি গানের অনুষ্ঠান করছি। আর দেশের এক নম্বর মহিলা সঞ্চালিকা আমি। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠান, বিয়েবাড়ি বা লাইভ অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমায় ডাকা হয়। বলিউডে যে পরিমাণ প্রতিযোগিতা তা সবার জানা। একজন নায়িকার মাটি শক্ত করতে অনেক সময় লেগে যায়।”
অভিনেত্রী আরও জানান, বলিউডের প্রথম সারির নায়িকারাও অতটা আয় করেন না, যতটা আয় করেন তিনি।