সেরা পরিচালকের পুরস্কারসহ, সেরা চিত্রনাট্য ও সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের সম্মাননা অর্জন করার দিনেই ইরানি নির্মাতা জাফর পানাহির এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে দেশটির আদালত.
রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগে এ রায় দেওয়া হয়েছে বলে বিবিসির এক খবরে জানা যায়। সঙ্গে দেওয়া হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞাও।
রায় ঘোষণার দিনে গথাম অ্যাওয়ার্ডস-এ পুরস্কার গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছিলেন তিনি। এওয়ার্ডে তার নতুন ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ তিনটি পুরস্কার জিতে নেয়।
জাফর পানাহি এর আগেও দুই দফা কারাবন্দি হয়েছেন। ইরানে তার ওপর চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা ও ভ্রমণ সীমাবদ্ধতা ছিল। নতুন দণ্ড ঘোষণার আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন।
গথাম অ্যাওয়ার্ডস মঞ্চে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে যারা নীরবে, কোনো সহায়তা ছাড়াই নিজেদের সবকিছু ঝুঁকির মুখে ফেলেন, সেইসব নির্মাতাদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।
‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ সিনেমাটি সরকারের চাপ ও নজরদারি এড়িয়ে গোপনে নির্মাণ করেন জাফর পানাহি। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে এই সিনেমার জন্য সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপাম জিতেছেন এই নির্মাতা।
সমালোচকদের মতে, জাফর পানাহির জীবন যেন ইরানের সংস্কৃতি ও রাজনৈতিক টানাপড়েনের জ্বলজ্যান্ত প্রতিচ্ছবি।