হঠাৎ করেই সোস্যাল মিডিয়ায় হৈচৈ ফেলে দেওয়া ‘মিস আর্থ’ মেঘনা আলম প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন। নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মহল্লা’ নামের ধারাবাহিক নাটকে রহস্যজনক একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। একটি মিশন নিয়েই পর্দায় হাজির হয়েছেন। মিশন শেষ হলেই আবার ফিরে যাবেন। নাটকের ২৭তম পর্বে দেখা যাবে মেঘনাকে। পর্বটি প্রচার হবে ৩ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে।
এ প্রসঙ্গে মেঘনা আলম বলেন, ‘মিস আর্থ’ হওয়ার আগে আমার মিডিয়া বা বিনোদন জগতে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই একটি স্বপ্ন ছিল, একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। ফরিদুল হাসানের পরিচালনায় নির্মিত ‘মহল্লা’ সিরিয়াল দিয়ে টেলিভিশন পর্দায় আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই উপভোগ্য ছিল। আমাকে ঘিরে মিডিয়ার হাইপ ও জনপ্রিয়তার কারণেই অনেকের কাছে আমার একটি অভিনেত্রী পরিচয় তৈরি হয়ে যায়, এমনকি উইকিপিডিয়াতেও অভিনেত্রী হিসেবে নাম উঠে আসে!
তিনি বলেন, এই প্রেক্ষাপটে বৈশাখী টিভির দুলাল ভাই যখন তাদের সিরিয়াল ‘মহল্লা’তে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসেন, তখন মনে হলো একবার চেষ্টা করেই দেখি। ফরিদুল ভাইয়ের মুখে স্ক্রিপ্ট শোনার পর আগ্রহ আরও বেড়ে যায়। চরিত্রটি যেন আমাকে নিয়ে ছড়িয়ে পড়া নানা ভুয়া প্রোপাগাণ্ডার সঙ্গেই মিলে যায়। মজার ছলেই কাজটি করার জন্য রাজি হয়ে যাই।
মেঘনা আলম আরও বলেন, নিজেকে অভিনেত্রী হিসেবে পর্দায় দেখতে আমি ভীষণ এক্সাইটেড। এখন আর কেউ আমাকে অভিনেত্রী বললে সেটি শুধরে দিতে হবে না, কিংবা উইকিপিডিয়ার লেখা ভুল বলে মনে হবে না।
উল্লেখ্য, মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষিবিষয়ক সেমিনার সিম্পোজিয়ামে ব্যস্ত। সেই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের হয়ে এমপি প্রাথী।